বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও সংবাদ সরিয়ে নেওয়ার চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
দৈনিক দুর্নীতি পোস্টের সম্পাদক ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের (বসকো) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ফয়সাল হাওলাদার অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
প্রকাশিত সংবাদে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক ফয়সাল হাওলাদারকে ফোন করে সংবাদ সরিয়ে নিতে চাপ দেওয়া হয়। এ ছাড়া অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।
সাংবাদিকের অভিযোগ, জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের এক নেতার পরিচয় ব্যবহার করে তাকে হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও সংবাদ প্রকাশের জেরে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে।
এ ঘটনায় গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক ফয়সাল হাওলাদার। জিডি নম্বর ৯৩৭ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রংগল কুন্ডুস জানান, এ বিষয়ে জিডি পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। সংগঠন দুটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সংবাদ প্রকাশের পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সাংবাদিক নেতারা।
মতামত