বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১১ নম্বর চাঁনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশা করছেন আটজন নেতা। তাঁদের মধ্যে দলীয় সাংগঠনিক পরিচয়, রাজনৈতিক অভিজ্ঞতা ও অতীত নির্বাচনী অংশগ্রহণের কারণে প্রথম সারিতে আলোচনায় রয়েছেন চারজন।
তাঁরা হলেন চাঁনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সর্বশেষ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আমির হোসেন দেওয়ান, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা নজরুল ইসলাম ঢালী।
এ ছাড়া চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন বরিশাল মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ঘরামী, ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর থানা শ্রমিক দলের সদস্যসচিব ও চাঁনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক সিহাব আহমেদ সুমন এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি মনির হোসেন বাঘা।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রথম চারজনের রাজনৈতিক অবস্থান ও দলীয় পদ-পদবি বিবেচনায় তাঁদের ঘিরে আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
তবে শেষ পর্যন্ত বিএনপির সমর্থন বা দলীয় সিদ্ধান্ত কার পক্ষে যায়, তা নিয়ে নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের মধ্যে কৌতূহল রয়েছে।
মতামত