পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ও নৌপথের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তিনি পাটুরিয়ার আধুনিক ওয়াটার বাসঘাট এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ১ থেকে ৪ নম্বর ফেরিঘাটের কার্যক্রম পরিদর্শন করেন।
পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কেবিন ক্রুজারে আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটসহ সংশ্লিষ্ট নৌপথের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে যাত্রীসাধারণের নিরাপদ, ভোগান্তিহীন ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে নৌপথের আধুনিকায়ন, পরিবেশবান্ধব নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং যাত্রীসেবার মান উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার পাশাপাশি আধুনিক নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মতামত