নিজের নাম ও ছবি ব্যবহার করে সৌদি প্রবাসীর পাঠানো ১৭ লাখ টাকার স্বর্ণ আত্মসাতের অভিযোগে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক সরদার মাসুদুর রহমান (মাসুদ সরদার)।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, যথাযথ তথ্য-প্রমাণ ও তার বক্তব্য যাচাই না করেই ‘আমার দেশ’ পত্রিকায় সংবাদ ও ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
মাসুদ সরদার দাবি করেন, আগামী আদর্শনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়ে তিনি প্রবাস থেকে দেশে ফিরেছেন। তার আশঙ্কা, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখতে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, সংবাদে যাদের বরাতে অভিযোগ আনা হয়েছে, সেই রাসেল ও রানাকে তিনি চার বছরের প্রবাসজীবনে কখনো দেখেননি বা পরিচিত হননি। নিজের পক্ষে থাকা চারটি ক্যাশ মেমো সংবাদ সম্মেলনে ও ফেসবুকে প্রদর্শনের কথাও জানান তিনি।
প্রকাশিত সংবাদের সুনির্দিষ্ট প্রমাণ, সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য নেওয়া হয়েছিল কি না এবং তার নাম-ছবি ব্যবহারের বিষয়ে পত্রিকা কর্তৃপক্ষের ব্যাখ্যা দাবি করেন তিনি। অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে সংবাদ ও ফটোকার্ড প্রত্যাহার করে সংশোধনী প্রকাশের আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, জনগণই গণতান্ত্রিক ক্ষমতার মালিক। আদর্শনগরবাসী সত্য উদ্ঘাটনে সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদী। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণের কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তার সামাজিক মর্যাদা রক্ষায় সাংবাদিকসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
মতামত