বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৩ নম্বর চর এককরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটি বহাল রয়েছে। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচিত নেতৃবৃন্দ স্ব স্ব পদে বহাল থাকবেন বলে জানিয়েছেন ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মুন্নি বেগম ও সদস্য সচিব রিয়া আক্তার।
উল্লেখ্য, চলতি মাসের কয়েক দিন আগে ৩ নম্বর চর এককরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এতে শামসুন্নাহার মুক্তাকে সভাপতি, নাজমা বেগমকে সাধারণ সম্পাদক এবং শেফালী বেগমকে সাংগঠনিক সম্পাদক হিসেবে পদায়ন করে কমিটি গঠন করা হয়।
তবে কমিটি ঘোষণার পর ১ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা কাঁচপুর মাসুদের হস্তক্ষেপে কমিটি পুনর্গঠনের গুঞ্জন ছড়িয়ে পড়ে স্থানীয় মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে। এ নিয়ে সংগঠনের ভেতরে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়।
বিষয়টি জানতে চাইলে ইউনিয়ন মহিলা দলের সদস্য সচিব রিয়া আক্তার বলেন, “দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তাদের মূল্যায়ন করেই আমরা এই কমিটি গঠন করেছি। কিন্তু কাঁচপুর মাসুদ নিজে এবং প্রভাবশালী নেতাদের মাধ্যমে কমিটি পুনর্গঠনের জন্য আমাদের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছেন।” তবে চাপ প্রয়োগের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কাঁচপুর মাসুদ।
সাংগঠনিক নিয়মের বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্টরা জানান, একটি কমিটি গঠনের পর সাংগঠনিক সিদ্ধান্ত ও নিয়ম অনুযায়ী নির্ধারিত মেয়াদে তা বহাল থাকে। এ ক্ষেত্রে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া ছাড়া পদ পরিবর্তন বা পুনর্বিন্যাসের সুযোগ নেই।
অন্যদিকে, কাঁচপুর মাসুদের হস্তক্ষেপের বিষয়টি স্বীকার করে ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মুন্নি বেগম বলেন, “আমরা ওয়ার্ড কমিটিতে যাদের পদায়ন করেছি, তারা বিগত দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাই পদ এদিক-সেদিক করার এখন আর কোনো সুযোগ নেই। ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের কমিটি যেভাবে গঠন করা হয়েছে, সেভাবেই বহাল থাকবে।”
এদিকে, ইউনিয়ন মহিলা দলের শীর্ষ নেতৃবৃন্দের এমন বক্তব্যের পর নবগঠিত কমিটি নিয়ে চলমান পুনর্গঠনের গুঞ্জনের অবসান হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
মতামত