বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকার বিধবা আলেনুর বেগমের কাছ থেকে স্বপ্নপুরী সুপারশপে বিনিয়োগের কথা বলে ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে চরহোগলার জালাল উদ্দীনের ছেলে নোমানের বিরুদ্ধে। টাকা নেওয়ার বিপরীতে আলেনুর বেগমকে ৭ লাখ টাকার একটি চেক দেওয়া হলেও পরবর্তীতে সুপারশপটি বিক্রি করে নোমান আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আলেনুর বেগমের অভিযোগ, প্রায় ৩ থেকে ৪ বছর ধরে নোমানকে খুঁজে না পেয়ে তিনি তার বাবা জালাল উদ্দীনের কাছে পাওনা টাকা ফেরত চাইতে যান। এ সময় জালাল উদ্দীন বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে দাবি করেন তিনি।
পরবর্তীতে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেন আলেনুর বেগম। এ ঘটনায় চেকসংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। তবে মামলা দায়েরের পর জালাল উদ্দীনও এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন বলে অভিযোগ আলেনুরের।
স্বামীহারা আলেনুর বেগম বর্তমানে দুই মেয়েকে নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে পাওনা টাকা উদ্ধার করতে না পেরে অসহায় হয়ে পড়েছেন তিনি। অর্থাভাবে দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে।
আলেনুর বেগমের দাবি, তার মৃত স্বামীর জীবনের কষ্টার্জিত সঞ্চয় ও ভবিষ্যতের আশায় দেওয়া ৭ লাখ টাকা ফেরত পেতে তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো কোনো প্রতিকার পাননি।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করে দ্রুত পাওনা টাকা উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মতামত