ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনে বরিশালের মেহেন্দিগঞ্জের তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) উপজেলার বাগরজা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজুর রহমান।
এ সময় মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিন উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা, জাতীয় মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অভিযানকালে নদীতে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সচেতন করা হয়। পাশাপাশি নিষেধাজ্ঞার ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয় থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়।
প্রশাসন জানিয়েছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে তেঁতুলিয়া নদীতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
মতামত