বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাঈম মাহমুদের অব্যাহতি আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। এতে দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় এই নেতার স্বপদে ফেরার পথ সুগম হলো।
৭ অক্টোবর বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্য সচিব মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নাঈম মাহমুদের অব্যাহতি আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহালের বিষয়টি জানানো হয়।
বিএম নাঈম মাহমুদ বিএনপির দুঃসময়ে দলীয় আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত সাংগঠনিক যোগাযোগ রেখে দলীয় কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় উপস্থিতি এবং নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে মেহেন্দিগঞ্জের তৃণমূল পর্যায়ে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।
অব্যাহতি প্রত্যাহার করে পুনরায় স্বপদে বহাল হওয়ার সিদ্ধান্তে নাঈম মাহমুদের অনুসারী ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তারা মনে করছেন, তার মতো দীর্ঘদিনের মাঠপর্যায়ের সক্রিয় কর্মী সাংগঠনিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করলে মেহেন্দিগঞ্জে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে স্বপদে পুনর্বহালের পর দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএম নাঈম মাহমুদ। তিনি দলের নেতাকর্মীদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন।
মতামত