বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় গণ অধিকার পরিষদের ১০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসার নেতৃত্বে তারা গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দেন বলে জানা গেছে।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন—মেহেন্দিগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জহিরুল ইসলাম জুলহাস, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গণনেতা শাকিল খান, ছাত্র অধিকার পরিষদ মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক সানাউল হক, যুব অধিকার পরিষদ নেতা ফেরদৌস, গণ অধিকার পরিষদ নেতা ইকবাল হোসেনসহ আরও কয়েকজন নেতাকর্মী।
যোগদানকারীরা বলেন, দেশপ্রেম ও আদর্শের কারণে তারা গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে বর্তমান নেতৃত্ব সেই আদর্শ থেকে সরে গেছে বলে তারা মনে করেন। তাদের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত নেতাদের সঙ্গে পথ চলার সিদ্ধান্ত থেকেই তারা এনসিপিতে যোগ দিয়েছেন।
তারা আরও বলেন, বাংলাদেশকে নিরাপদ রাখা এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ ও জাতি নির্বিশেষে নাগরিক অধিকার বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে তারা কাজ করে যাবেন।
এ সময় স্থানীয় এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত