দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও সহিংসতার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার পথ অবলম্বন করে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে ঢাকার সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পরিষদের বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, ক্ষমতায় থাকাকালে সন্ত্রাস ও দমন-পীড়নের রাজনীতি করেছে আওয়ামী লীগ। এখন ক্ষমতার বাইরে থেকেও একই পথে ফিরে আসার চেষ্টা জনগণ গ্রহণ করবে না। রাজনৈতিকভাবে ফিরে আসার বিষয়টি শুধু ঘোষণায় নির্ধারিত হবে না; এর নিষ্পত্তি হতে হবে রাজনৈতিক ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে। অতীত কর্মকাণ্ডের জবাবদিহি ও দায় স্বীকারের বিষয়টিও সামনে থাকবে।
সাম্প্রতিক অগ্নিসংযোগ, সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিশোধের রাজনীতিও বন্ধ করতে হবে। রাষ্ট্রকে আইন ও ন্যায়বিচারের ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক উসকানি ও বিভাজনের অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
সভায় সাম্প্রতিক সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, সহিংসতা ও সাম্প্রদায়িক উসকানির প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও মাহমুদ হোসেন বক্তব্য রাখেন।
মতামত