বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি পাতারহাট রশিক চন্দ্র কলেজে নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় ভবনটির শুভ উদ্বোধন করেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।
কলেজের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে চারতলা ভিত্তিবিশিষ্ট তিনতলা একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় অনাবাসিক ভবন নির্মাণ/সম্প্রসারণ কর্মসূচির (পূর্বতন-৭০১৬) অধীনে ভবনটি নির্মাণ করা হয়। এর বাস্তবায়নে রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশাল।
নতুন একাডেমিক ভবনটি চালুর ফলে কলেজের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে আরও উন্নত ও আধুনিক পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় তার সাথে কলেজের শিক্ষকবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।