বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় এক বিধবা নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বিধবা নারী মোর্শেদা বেগমের ঘরে অনৈতিক সম্পর্কের উদ্দেশ্যে সিরাজ হাওলাদার প্রবেশ করেন এমন অভিযোগের বিষয়টি দেখতে পেয়ে সাদ্দাম বয়াতি প্রতিবাদ জানান। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে সিরাজ হাওলাদার, তার ছেলে ফয়সাল হাওলাদার ও রাসেল হাওলাদারসহ ২০-২৫ জন লোক সাদ্দাম বয়াতির ওপর হামলা চালান। এ সময় সাদ্দাম বয়াতির বোন ও ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রোজিনা বেগম, ভাই মো. সাহাবউদ্দিন বয়াতি এবং গৃহবধূ ফাহিমা বেগমকেও কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।