আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে বরিশালের হিজলায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হিজলা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস শিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান, হিজলা নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মো. ইয়াসিন, হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ উপজেলার ১৪টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, দুর্গাপূজা উদযাপনে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সরকারি বরাদ্দ প্রতিটি পূজামণ্ডপে সমভাবে বণ্টনের আশ্বাস দেন তিনি। এ ছাড়া নিজের সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগতভাবেও পূজামণ্ডপগুলোতে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।