বরিশালের মেহেন্দিগঞ্জে ট্রলার থেকে চুরি হওয়া জাল কেনার অভিযোগ উঠেছে এক জাল ব্যবসায়ীর বিরুদ্ধে। চুরি যাওয়া জাল ফেরত ও ঘটনার প্রতিকারের দাবিতে স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি/সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাবুল মীর।
অভিযোগে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রাতে মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম সাদেকপুর গ্রামের ঘাটে রাখা ট্রলার থেকে বাবুল মীরের প্রায় ২০ চুঙ্গা জাল চুরি হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও জালের সন্ধান পাননি তিনি।
পরবর্তীতে পাত্রারহাট বন্দরের যুবরাজ ট্রেডার্সের মালিক রিমন দাসের দোকানে জাল কিনতে গিয়ে নিজের চুরি যাওয়া জালের সন্ধান পান বলে দাবি করেন বাবুল মীর। এ নিয়ে দোকানদারের কাছে জানতে চাইলে রিমন দাস জানান, তিনি প্রায় তিন মাস আগে ৫ হাজার টাকা দিয়ে ওই জাল কিনেছেন।
ভুক্তভোগীর দাবি, চুরি যাওয়া জাল কীভাবে ব্যবসায়ীর দোকানে গেল, তা তদন্ত করে জালগুলো উদ্ধার ও প্রকৃত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। বিষয়টি তদন্তের জন্য স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতির কাছে লিখিত আবেদন করেছেন তিনি।